মিশিগানের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (BAM)-এর উদ্যোগে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ক্রাইম কমিশনের সমন্বয়ে অনুষ্ঠিত হয়েছে ৩য় বার্ষিক টাউন হল মিটিং। গত ২৭ জুন শনিবার ওয়ারেন শহরের UAW Region 1 Hall-এই সভা অনুষ্ঠিত হয়েছে । টাউন হল মিটিং’এ বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ফেডারেল, স্টেট, কাউন্টি ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (BAM) উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবীরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী। টাউন হল মিটিংয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতৃবৃন্দ ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট, ওয়ারেন ক্রাইম কমিশন এবং উপস্থিত সম্মানিত অতিথিদের কাছে জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, কমিউনিটি পুলিশিং, ভোটার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। ওয়ারেন পুলিশ বিভাগের ক্যাপ্টেন পল হাউটাস এবং ক্যাপ্টেন বুটন পারিবারিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগী ও অভিযুক্তদের সহায়তায় পুলিশের চলমান কার্যক্রম এবং কমিউনিটির সঙ্গে পুলিশের সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন। ক্রাইম কমিশনার সুমন কবীর এবং ট্রেসি আলম ওয়ারেন শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ক্রাইম কমিশনের নিয়মিত সভা সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন। টাউন হল মিটিং’এ উপস্থিত ছিলেন মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট অঘোঘো এডিবু, স্টেট রিপ্রেজেন্টেটিভ মাইক মাকফল, মিশিগান স্টেটের ডিরেক্টর অব পাবলিক এনগেজমেন্ট মিকা মাকাশকিল, ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর পিটার লুসিডো-এর অফিসের চিফ অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটিং অ্যাটর্নি কার্ট হেইস, ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন, ওয়ারেন সিটি কাউন্সিলের ভাইস চেয়ার মেলোডি ম্যাগী এবং ম্যাকম্ব কাউন্টি কমিশনার মাইকেল হাওয়ার্ড। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন পেশার লোকজন, কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে BAM-এর সভাপতি জাবেদ চৌধুরী উপস্থিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের টাউন হল মিটিং আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।
০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
স্থানীয় সংবাদ
মিশিগানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান এর উদ্যোগে ওয়ারেনে অনুষ্ঠিত হয়েছে ৩য় বার্ষিক টাউন হল মিটিং
-
পার্থ সারথী দেব - আপডেট টাইম : ০৮:২৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 45
Tag :









