যুক্তরাষ্ট্রের মিশিগানের বিভিন্ন স্থানে ভাব গম্ভীর ও ধর্মীয় পরিবেশে মহাশিবরাত্রি উদযাপিত হয়েছে। এই মহাশিবরাত্রি ফাণ্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকেন।
ডেট্রয়েটের দুর্গা মন্দিরে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিবরাত্রি ব্রত ও শিবের স্নান, পূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ করা হয়। পূজা উপলক্ষে বিপুল ভক্তমন্ডলি উপস্থিত ছিলেন, এদের অধিকাংশই ছিলেন নারী। নারীরা তাদের মনষ্কামনা পূরণে ও পরিবারের মঙ্গল কামনায় শিব লিঙ্গে দুধ ঢেলে স্নান করান।

ওয়ারেন সিটির শিব মন্দিরে গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শিবরাত্রি ব্রত উদযাপন করা হয়। ভক্তরা উপবাস, শিবলিঙ্গে দুধ, বিল্বপত্র অর্পণের মধ্য দিয়ে মহাদেবের আরাধনা করেন। শিবরাত্রি উপলক্ষে মন্দিরে এক মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ছিল দলীয় সঙ্গীত, নৃত্য, মঞ্চস্থ হয় নাটক “ওঁ নমঃ শিবায়”। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সৌরভ চৌধুরী।

ওয়ারেন সিটির কালী মন্দিরে গত ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উদযাপন করা হয়। এতে ছিল শিবরাত্রির অভিষেক, পূজা, আরতি, প্রার্থনা, স্নান, প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে গত ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত উদযাপন করা হয়। এতে ভক্তরা পূজা, আরতি, প্রার্থনায় অংশ গ্রহণ করেন। নারীরা শিবের স্নান করান। ধূপ-ধুনোর সুগন্ধ, ঢাক ঢোলের আওয়াজ ও ঘণ্টাধ্বনিতে মন্দির প্রাঙ্গন হয়ে উঠেছিল উৎসবমূখর। সবশেষ ছিল প্রসাদ বিতরণ।
পার্থ সারথী দেব 








