যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা ডেট্রয়েট, ওয়ারেন, হ্যামট্রাম্যাকসহ বিভিন্ন স্থানে বিদ্যাদেবীর পূজা অর্চনাসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মকাণ্ড পালন করেছেন। দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান ও শুভ্রতার, বিশুদ্ধতার প্রতীক। হিমাঙ্কের নীচে ঠান্ডা, তুষারপাত, বরফ ভেঙ্গে মিশিগানে শিশু, কিশোর, তরুণ, তরুণী ও নারীরা শ্বেত শুভ্র জামা কাপড় ও শাড়ি পরে মন্দিরে এসেছিলেন।
দুর্গা টেম্পল : ডেট্রয়েটে অবস্থিত দুর্গা মন্দিরে গত ১ ফেব্রুয়ারি রোববার সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় পূজা, বেলা ১টায় পুষ্পাঞ্জলি, বেলা দেড়টায় শিশুদের হাতেখড়ি ও বেলা আড়াইটায় ভক্তবৃন্দদেরে প্রসাদ বিতরণ করা হয়। এরপর ছিল শিশু কিশোর, কিশোরীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তারা দেবী সরস্বতী, সরস্বতীর বাহন হাস, বীণা, বাংলাদেশের পতাকা, শাপলাফুল, গাছ, নৌকার ছবি আঁকে। এখানে বেড়ে ওঠা শিশুদের ছবি আঁকা দেখে অনেকেই প্রশংসা করেন। কারণ এদের প্রায় প্রতিটি ছবিতেই ফুটে ওঠেছে বাংলা, বাংলার প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্য। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু, কিশোর, কিশোরীরা অংশ গ্রহণ করে। চারটি গ্রুপে বিভক্ত প্রতিযোগিতায় সকল বিভাগেই ১ম, ২য়, ৩য়

পুরষ্কার দেয়া হয়, অংশ গ্রহণকারী সকলকে একটি মেডেল দেয়া হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম হয়েছে, রিশিকা দে, ২য় অনুপ্রভা সুত্রধর, ৩য় জানভী ঘোষ। খ গ্রুপে ১ম সুস্মিতা দাশ, ২য় রাজভির দেব, ৩য় সত্যব্রত পাল। গ গ্রুপ ১ম কৃষ্ণা চন্দ, ২য় তিলোত্তমা বিশ্বাস, ৩য় পিহু দেব। ঘ গ্রুপ ১ম প্রত্যুষা ধর, ২য় প্রীতম দাশ, ৩য় সত্যজিত পাল। গীতা শ্লোক প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম হয়েছে, মৌলিক রায়, ২য় প্রত্যুষা ধর, ৩য় সত্যব্রত পাল। খ গ্রুপে ১ম প্রতীশ ধর, ২য় অর্চিতা ছত্রী ও ৩য় রণেশ দে। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান পরিবেশন করে শিশু কিশোর, কিশোরীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্দিরের সাধারণ সম্পাদক উজ্জল সুত্রধর, বিশ্বেসর চন্দ ও বৈশালী দেব। মন্দিরের প্রেসিডেন্ট পংকজ দাশ ভাইস প্রেসিডেন্ট নিপেশ সুত্রধর প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভক্তবৃন্দরা যে মন্দিরে এসেছেন তার জন্য তাদেরে দুর্গা টেম্পলের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। মন্দিরের মিডিয়া ও পাবলিকেশান ডাইরেক্টর, বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের সভাপতি বিশিষ্ট সাংবাদিক পার্থ সারথী দেব জানান, মন্দিরের প্রতিষ্ঠার পর থেকেই এখানে সরস্বতী পূজা জাঁকজমকের সাথে পালিত হয়ে আসছে, বিশেষ করে এই দিনটিতে শিশু, কিশোর, কিশোরীদের কলকাকলিতে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ, তাঁদের পদচারণায় মুখরিত হয় মন্দির। আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের সনাতন ধর্ম তথা বাঙালির, মানবতার বিজয় কেতন উড়িয়ে ধর্মের মূল বাণীগুলো পৌঁছে দিতে পারে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

শিব মন্দির: ওয়ারেন সিটির শিব মন্দিরে তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে গত ২৩ জানুয়ারি। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। আবার উদযাপন হয়েছে ২৫ জানুয়ারী। এতে ছিল পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি প্রসাদ বিতরণ। এরপর বিকেলে ছিল বিভিন্ন গ্রুপে বিভক্ত শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশ গ্রহণকারী সকল প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু কিশোররা গান ও নৃত্য পরিবেশন করে। এরপর স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
কালীবাড়ী : ওয়ারেন সিটির কালী মন্দিরে গত ২৩ জানুয়ারি ২৪ জানুয়ারী দুই দিন ব্যাপী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন মন্দিরের শিল্পীরা।
রাধাকৃষ্ণ টেম্পল : হ্যামট্রাম্যাক সিটির রাধাকৃষ্ণ টেম্পলে গত ২৩ জানুয়ারি তিথি মতো পূজা ও ২৪ জানুয়ারী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি, প্রসাদ বিতরণ করা হয়।
এছাড়াও বিভিন্ন বাড়িতে নিজ নিজ উদ্যোগে তিথিমতো সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে পূজা, অর্চনা, পুষ্পাঞ্জলি, শিশুদের হাতেখড়ি ও প্রসাদ বিতরণ করা হয়।
দুর্গা টেম্পল প্রতিনিধি, ডেট্রয়েট 








